বাড়িভাড়া নিয়ে তর্কের জেরে ভাড়াটিয়াকে লাঠির আঘাত, হাসপাতালে মৃত্যু

সোনাডাঙ্গা থানা
খুলনা নগরীতে বাড়িভাড়া নিয়ে তর্কের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ভাড়াটিয়ার মৃত্যু হয়।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বসুপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাড়িওয়ালাকে আটক করেছে পুলিশ।
নিহত ভাড়াটিয়ার নাম রকিবুল ইসলাম (২৪)। আটক মজলিশ খান নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকার বাসিন্দা।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুপাড়ার বকুলতলা শতরূপার মোড়ে বাড়িভাড়া নিয়ে রকিবুলের সঙ্গে মজলিস খানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মজলিস তার হাতে থাকা লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা রকিবুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।
ওসি রফিকুল ইসলাম আরও জানালেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খানকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।




