ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সিলেট: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট বিভাগে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে, তা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় স্বতন্ত্র বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, হানাহানি, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বললেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বাংলাদেশি। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।’
দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
এর আগে মন্ত্রী শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি, শাপলাবাগ এলাকার স্বরলিপি সংঘ এবং রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



