৪৮ ঘণ্টার অবরোধে অচল গোপালগঞ্জ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে অচল হয়ে পড়েছে গোপালগঞ্জ। জেলার প্রধান সড়ক-মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ আছে। শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সড়কগুলোও প্রায় জনশূন্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
আজ রবিবার সকালে জেলা শহরের লঞ্চঘাট, বাজার এলাকা, ঘোনাপাড়া ও বেদগ্রাম মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি নেই বললেই চলে। শহরের ভেতরের ছোট গলি দিয়ে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করলেও তা ছিল সীমিত।
জেলা শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ আছে। ফলে গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অবরোধের প্রভাবে সকাল থেকেই শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এর আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চাওয়া ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন।
তবে অবরোধের মধ্যেও গোপালগঞ্জে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অবরোধকারীরা শিক্ষার্থীদের কোনো ধরনের বাধা ছাড়াই পরীক্ষা কেন্দ্রে যেতে দিয়েছেন। ফলে পরীক্ষার্থীরা অনেকটা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে জেলার স্কুলগুলো বন্ধ আছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই শহর ও জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং দুই হাজারের বেশি পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় অবরোধ ঘিরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মুকসুদপুরের জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সড়কে অবরোধ, যানবাহন চলাচল বন্ধ এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। সব মিলিয়ে অবরোধের প্রথম দিন গোপালগঞ্জের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।




