টেকনাফ
অটোরিকশার চাকার পাশে ১০ হাজার ইয়াবা, চালক আটক

সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ শনিবার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে এক মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি সিএনজিতে করে টেকনাফের বরইতলী এলাকায় আসবে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে সিপিসি-১ র্যাব ক্যাম্পের সামনের সড়কে চেকপোস্ট বসানো হয়। ১০ মিনিট পর জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিয়ে চালককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সিএনজির নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিনজিরা পাড়া) এলাকার মোবারক (১৯)।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।





