দাকোপে বেড়িবাঁধে ৫০ ফুট ভাঙন, প্লাবিত হওয়ার ঝুঁকিতে ৬ গ্রাম

ছবি: আগামীর সময়
খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩২ নম্বর পোল্ডারের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়নের জালিয়াখালী চান্নিরচক এলাকায় বাঁধের প্রায় ৫০ ফুট অংশ ঢাকী নদীতে বিলীন হয়ে যায়। এতে আশপাশের অন্তত ছয়টি গ্রাম ও প্রায় ৯০০ বিঘা আমন ফসলি জমি প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ৩২ নম্বর পোল্ডারের চান্নিরচক এলাকার সড়কে ফাটল দেখা দিয়েছিল। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হলে কয়েক দিন আগে তারা স্থানটি জরিপ করে। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় বাঁধের একটি অংশ ধসে নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনের কারণে একটি পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ভাঙন রোধে বালুভর্তি জিও টিউব দিয়ে বিকল্প রিং বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে পাউবো।
ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা বঙ্কেশ রায় বলেন, তিন দিন আগে সড়কে ফাটল দেখতে পেয়েছিলেন। বুধবার হঠাৎ সড়কটি নদীতে ধসে পড়ে। এর আগেও কয়েক দফা নদীভাঙনে সব হারিয়ে বাঁধের পাশে পরিবার নিয়ে বসবাস করছিলেন। এখন নতুন বাঁধ তার ঘরের সামনে দিয়ে নির্মাণ করা হবে। এ কারণে ঘর সরিয়ে নিতে হচ্ছে। তার ভাষ্য, এই রাস্তাটুকুই এখন তাদের শেষ আশ্রয়।
কামারখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সানা বলেছেন, চান্নিরচক এলাকায় প্রায় ৫০ ফুট বেড়িবাঁধ নদীতে বিলীন হয়েছে। বুধবার রাত থেকেই স্থানীয়দের নিয়ে বাঁধ সংস্কারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকালে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন। ভাঙনে একটি পরিবার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বাঁধ মেরামত করা না গেলে ছয়টি গ্রাম ও বিস্তীর্ণ আমন ফসলি জমি লোনাপানিতে তলিয়ে যেতে পারে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মধুসূদন পাল বলেন, লোকালয়ে পানি প্রবেশ ঠেকাতে বেড়িবাঁধের পেছনে জিও টিউব দিয়ে বিকল্প বাঁধ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ভেকু মেশিনের সাহায্যে ভাঙনকবলিত স্থানে বাঁধ পুনর্নির্মাণ করা হচ্ছে। ভাঙনকবলিত স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা নেই বলে উল্লেখ করেন তিনি।



