সার সংকটের ষড়যন্ত্র ঠেকাতে নিয়োগ হবে নতুন ডিলার : এমপি বাবুল

কালীগঞ্জে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমপি রোকন উদ্দিন বাবুল। ছবি: আগামীর সময়
সরকারকে বিব্রত করতেই সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রোকন উদ্দিন বাবুল। এই ষড়যন্ত্রে ‘ফ্যাসিস্ট আমলে’ নিয়োগ দেওয়া সার ডিলাররা জড়িত বলে দাবি করেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে গাছের চারা বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন লালমনিরহাট-২ আসনের এই সংসদ সদস্য।
তার দাবি, গত ১৭ বছর ‘ফ্যাসিস্ট সরকার’ ক্ষমতায় থাকায় দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে তছনছ করা হয়েছে। ‘সেই কাঠামো পুনর্গঠনে কিছুটা সময় প্রয়োজন। ফ্যাসিস্ট আমলে যেসব সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের নির্দিষ্ট কিছু নেতাকর্মীর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তারাই বর্তমানে সার সংকট তৈরির সঙ্গে জড়িত’- বললেন তিনি।
সার সংকট ও ষড়যন্ত্র মোকাবিলায় সরকার উদ্যোগ নিচ্ছে। নতুন সার ডিলার নিয়োগ দিয়ে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে- এসবও জানালেন এমপি বাবুল।
চারা বিতরণে কার্যক্রমে ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।




