চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগত— রাশেদকে আমির হামজা

সংসদ সদস্য মুফতি আমির হামজা
‘চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত আমার মনে হয় আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগত।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে নিয়ে এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
গত শুক্রবার (৬ নভেম্বর) বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় এক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বিতর্কিত এ মন্তব্য করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়া মসজিদ কমিটি ওই মাহফিলের আয়োজন করেন। মাহফিলে রাত ১০ টার দিকে বক্তব্য দিতে শুরু করেন আমির হামজা।
রাশেদ খানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। আলেমদের নিয়ে কথা বলে, আমাকে নিয়েও কথা বলে।’
মুফতি আমির হামজা বলেন, ‘চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত আমার মনে হয় আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগত। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’
তাকে নিয়ে প্রকাশিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিওকে এআই প্রযুক্তির দাবি করেন আমির হামজা। এসবের ব্যাখ্যা দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ তোলেন তিনি।
এ সময় আমির হামজা বলেছেন, ‘বগুড়ায় এসে আমিও বদদোয়া দিলাম। আমার পেছনে যারা লাগে আল্লাহ তাদের যেন নেঙটা করে জাতির কাছে।’
গত ৬ নভেম্বর আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার কাছে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আমির হামজার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান।



