কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে সাদিয়া জান্নাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বরইতলী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া জান্নাত দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বরইতলী পাড়ার বাসিন্দা নেজাম উদ্দিন ও সানজিদা আক্তারের মেয়ে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশের ভাষ্য, বিকেল ৫টার দিকে বাড়ির পূর্ব পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাদিয়া। একপর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার চাচা আছম উদ্দিন পুকুরে সাদিয়াকে পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিক উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ওসি মাহাবুবুল হক বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।






