নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে ১২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংগৃহীত ছবি
নোয়াখালীতে বাংলাদেশ রেলওয়ের দখলকৃত জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার টপকার পোল থেকে খাদ্যগুদাম এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এতে রেলওয়ে পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। সরকারি সম্পত্তি পুনরুদ্ধার ও রেলের জমি দখলমুক্ত করার অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




