উখিয়ায় নলকূপের জলন্ত আগুন দেখাচ্ছে গ্যাসের সম্ভাবনা
- নতুন লিকেজে আতঙ্কিত স্থানীয়রা
- ল্যাব পরীক্ষায় মিলল থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব

উখিয়ায় নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাস টানা ১৬ দিন ধরে জ্বলছে। ছবি: আগামীর সময়
নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে গ্যাস। সেই গ্যাসে টানা ১৬ দিন ধরে জ্বলছে আগুন। প্রথমে একটি নির্দিষ্ট স্থান থেকে গ্যাসের উদ্গিরণ হলেও সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। মূল উৎসের আশপাশে একে একে দেখা দিয়েছে নতুন লিকেজ। কোথাও মাটির নিচ থেকে বের হচ্ছে আগুনের শিখা, কোথাও উঠছে কালো ধোঁয়া। এমনকি একটি পাকা বসতবাড়ির নিচ থেকেও গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে।
পাশে রয়েছে পাকা ধানক্ষেত ও ফসলিজমি। ফলে সম্ভাব্য নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের আশা যেমন তৈরি হয়েছে, তেমনি আগুন ছড়িয়ে পড়া ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানীর ছোটখাল এলাকায়।
গত ২৭ অক্টোবর গভীর নলকূপ খননের সময় আনুমানিক এক হাজার ফুট গভীরে পৌঁছানোর পর ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হতে শুরু হয়। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এর পর থেকে অব্যাহত রয়েছে গ্যাসের প্রবাহ ও আগুনের শিখা।
এরই মধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্সের) পরীক্ষাগারে। নমুনা বিশ্লেষণে অস্তিত্ব পাওয়া থার্মোজেনিক গ্যাসের। এ তথ্য জানিয়েছেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার রফিকুল ইসলাম।
ইনানীতে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা দেখছেন সাবেক এ মহাব্যবস্থাপক। তার ভাষ্য, তবে গ্যাসের উপস্থিতি পাওয়া আর বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসক্ষেত্র আবিষ্কার এক বিষয় নয়। ভূগর্ভে গ্যাসের প্রকৃত মজুদ, বিস্তৃতি, চাপ ও বাণিজ্যিক উপযোগিতা নিশ্চিত হতে প্রয়োজন আরও বিস্তারিত অনুসন্ধান।
গতকাল বুধবার সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মূল উদ্গিরণস্থলের আশপাশে অন্তত দুই থেকে তিনটি পৃথক স্থান দিয়ে গ্যাস বের হচ্ছে। কোথাও মাটির নিচ থেকে আগুনের কুণ্ডলী উঠছে, আবার কোথাও নির্গত হচ্ছে কালো ধোঁয়া। কয়েক মিনিটের ব্যবধানে পাকা ধানক্ষেতের পাশেও নতুন করে গ্যাসের উদ্গিরণ ও আগুনের শিখা দেখা যায়। একটি পাকা বসতবাড়ির নিচ থেকেও গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। এতে আশপাশের বসতবাড়ি, ফসলিজমি ও জনবসতির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
বুধবার সকাল ৯টার দিকে বিস্ফোরণের মতো বিকট একটি শব্দ শোনা যায়। এরপর মূল আগুনের অবস্থানেও পরিবর্তন দেখা যায়— জানালেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
পান্না আক্তার বলেন, আগুনের অবস্থান ও তীব্রতার পরিবর্তনের বিষয়টি পেট্রোবাংলা ও বাপেক্সকে জানানো হয়েছে। বাপেক্সের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ ছাড়া পেট্রোবাংলা ও বাপেক্সের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইন বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
‘সবকিছু ঠিক থাকলে সাত দিনের মধ্যে পেট্রোবাংলা ও বাপেক্সের প্রায় ৩০ সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসতে পারে। তখন আগুন নিয়ন্ত্রণ বা প্রশমনের সম্ভাব্য কৌশল নির্ধারণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লজিস্টিক সহায়তার বিষয়টি মূল্যায়ন করা। এ ক্ষেত্রে ক্রেনসহ ভারী যন্ত্রপাতি এবং আগুন প্রশমনে বিশেষ প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি গ্যাসের উৎস, প্রকৃতি ও নির্গমনের কারণ অনুসন্ধান করা হবে’— যোগ করেন ইউএনও।
দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তাবেষ্টনী ও ফেন্সিং বহাল রাখার কথা জানালেন ইউএনও। ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসা এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে না। উপজেলা প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।’
‘আগুনের শিখার উচ্চতা কিছুটা কমে এলেও তীব্রতা আগের মতোই রয়েছে। বরং আশপাশের নতুন কয়েকটি স্থান দিয়ে গ্যাস নির্গমনের বিষয়টি সামনে এসেছে’— যোগ করেন পান্না আক্তার।
নতুন লিকেজে আতঙ্কিত স্থানীয়রা
স্থানীয়রা বলছেন, প্রথম গ্যাস বের হওয়ার খবরে বড় ধরনের গ্যাসের মজুদ থাকার আশা ছিল। কিন্তু বর্তমানে মূল উৎসের বাইরে নতুন নতুন স্থানে গ্যাস বের হওয়ায় আশার সঙ্গে যুক্ত হয়েছে আতঙ্ক। বিশেষ করে বসতবাড়ির নিচে গ্যাসের উপস্থিতি এবং ধানক্ষেতের পাশে নতুন লিকেজ বেশি আতঙ্ক সৃষ্টি করেছে।
গ্যাসের প্রকৃতি ও সম্ভাব্য মজুদ যাচাইয়ে বাপেক্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ১০ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দলটির প্রধান ছিলেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার রফিকুল ইসলাম। প্রতিনিধি দলের সদস্যরা গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি পর্যবেক্ষণ করেন। দীর্ঘ সময় ধরে গ্যাস নির্গমনের স্থায়িত্ব এবং এর ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণের কাজও করেন তারা।
নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা
হাওলাদার রফিকুলের ভাষ্য, বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা বিশ্লেষণে থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। তার মতে, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট হওয়ার চেয়ে ভূগর্ভে বড় গ্যাসের আধারের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনাই বেশি। এ কারণে ইনানীতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি জানালেন, প্রায় ১৫ দিন ধরে গ্যাসের স্থায়িত্ব, প্রবাহ ও চাপ পর্যবেক্ষণ করা হয়েছে। একই ধরনের চাপ ও গতিতে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি বিশেষজ্ঞদের নজরে এসেছে। ফলে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হতে থাকলে ঝুঁকি তৈরি হতে পারে। প্রথম পর্যায়ে কূপটি নিরাপদে বন্ধ করে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। কূপ নিয়ন্ত্রণে আসার পর ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে গ্যাসের চাপ ও সম্ভাব্য ভূগর্ভস্থ গতিপথ বিবেচনায় আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলার বিষয়েও সতর্কতা রয়েছে।
ভূগর্ভস্থ অতিরিক্ত চাপের কারণে অন্য কোথাও ফাটল সৃষ্টি হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমন ঝুঁকি বিবেচনায় নিয়ে গ্যাসের নির্গমন ও আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল নির্ধারণে কাজ করছেন বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি বিশেষজ্ঞরা।
বাপেক্সের একটি সূত্র বলছে, গ্যাসের সম্ভাব্য মজুদ ও বাণিজ্যিক উপযোগিতা যাচাই করতে বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধানের পাশাপাশি দ্বিমাত্রিক সিসমিক জরিপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ধরনের জরিপের মাধ্যমে ভূগর্ভের বিভিন্ন স্তরের গঠন, গ্যাস ধারণের সম্ভাব্য অঞ্চল ও বিস্তৃতি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। তবে জরিপের ফলাফল এবং পরবর্তী কারিগরি মূল্যায়ন ছাড়া এখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ রয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
একদিকে সম্ভাব্য নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের হাতছানি, অন্যদিকে জনবসতির কাছাকাছি একাধিক স্থান দিয়ে গ্যাস নির্গমন। দুই বিপরীত বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে ইনানীর মানুষ— বলছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।
তার ভাষ্য, দীর্ঘদিনের জ্বলতে থাকা আগুন এখন শুধু একটি নলকূপের গর্তে সীমাবদ্ধ নেই। আশপাশের নতুন লিকেজ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে বিশেষজ্ঞদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জননিরাপত্তা নিশ্চিত করে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ এবং একই সঙ্গে ভূগর্ভে থাকা সম্ভাব্য সম্পদের প্রকৃত চিত্র উদ্ঘাটন করা।





