গঙ্গাচড়া
জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ, স্বস্তিতে পথচারীরা

ছবি: আগামীর সময়
গাড়ির জটলা, যাত্রী ওঠানামা আর যানজটে নাকাল হতে হতো পথচারীদের। সেই চিত্রে কিছুটা পরিবর্তন এসেছে রংপুরের গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্ট এলাকায়। যানজট নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয়েছে একজন ট্রাফিক পুলিশ। তার দায়িত্ব পালনে সড়কে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা, স্বস্তি মিলছে পথচারীদের।
আজ শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, জিরো পয়েন্ট এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশের ওই সদস্য। সড়কে অটোরিকশার জটলা তৈরি হতে না দেওয়ায় আগের তুলনায় নির্বিঘ্নে চলাচল করতে পারছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘আগে এই জায়গা দিয়ে চলাচল করতে অনেক ভোগান্তি হতো। যানবাহনের জটলায় প্রায়ই আটকে থাকতে হতো। এখন ট্রাফিক পুলিশ থাকায় স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছি।’
আরেক পথচারী রায়হান কবির বলেন, ‘শুধু কয়েক দিনের জন্য নয়, নিয়মিত এভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলে বাজারের যানজট অনেকটাই কমবে।’
গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু বলেন, ‘ট্রাফিক পুলিশ মোতায়েন করায় জিরো পয়েন্টে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরছে। এ কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।’
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, থানায় পর্যাপ্ত পুলিশ সদস্য না থাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি সমাধানে তিনি সংসদ সদস্যের মাধ্যমে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নেন।
ওসি বলেন, ‘গত আইনশৃঙ্খলা কমিটির সভায় যানজট নিরসনের বিষয়টি তুলে ধরেন ইউএনও স্যার ও সংসদ সদস্য মহোদয়। আমার থানায় ট্রাফিক পুলিশ দেয়ার মত পুলিশ সদস্য না থাকায় পরে সংসদ সদস্য মহোদয় পুলিশ সুপারকে বিষয়টি জানান। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী আগামীর সময়কে বলেন, ‘গঙ্গাচড়া বাজারের যানজট নিরসনে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্থায়ী সমাধানে নির্ধারিত স্ট্যান্ড কার্যকর করা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
তবে ট্রাফিক পুলিশ মোতায়েনই যেন শেষ উদ্যোগ না হয়, এমন প্রত্যাশা স্থানীয় লোকজনের। তাদের মতে, নির্ধারিত অটোরিকশা স্ট্যান্ড কার্যকর করা, চালকদের শৃঙ্খলার মধ্যে আনা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে গঙ্গাচড়া বাজারের যানজটের স্থায়ী সমাধান সম্ভব হবে।




