ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে ঘটেছে এ ঘটনা।
মৃত মাহিন শেখ (১৪) দক্ষিণ হারিনা গ্রামের কৃষক নয়ন শেখের ছেলে। সে পাঁচবাগ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে ব্রাজিলের পতাকা টাঙাতে বাড়ির আঙিনায় আম গাছে ওঠে মাহিন। কাঁচা বাঁশে ব্রাজিলের পতাকাটি বাঁধা ছিল। গাছে ওঠার পর বাঁশটি তার হাত থেকে পাশে থাকা ৩৩ কেভির বৈদ্যুতিক তারের ওপর পড়ে গেলে বিদ্যুতায়িত হয় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহিনের মামাতো ভাই নাগর (৩৫) জানালেন, মাহিন ব্রাজিলের সমর্থক ছিল। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।
পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেছেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




