খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে আবারও কালি দেওয়া হয়েছে। ছবি: আগামীর সময়
খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে আবারও কালো রং ছিটিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা। মাত্র ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বার এ ঘটনা ঘটল।
আজ রবিবার সকালে নগরীর শিববাড়ী মোড়ের রেলওয়ের সীমানাপ্রাচীরে আঁকা গ্রাফিতিতে কালো রং ছিটানোর চিত্র দেখা যায়। তবে দেওয়ালের অন্য প্রতিকৃতি ও গ্রাফিতিগুলো অক্ষত রয়েছে।
শিববাড়ী মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরটি অবস্থিত। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে প্রাচীরটিতে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র আঁকা হয়েছে। এর মধ্যে আছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চিত্রশিল্পী এস এম সুলতান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানিয়েছেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এর আগে গত ৬ নভেম্বর একই দেওয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করা হয়েছিল। পরদিন ৭ নভেম্বর কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। এর ১৬ দিনের মাথায় আবারও একই প্রতিকৃতিতে কালো রং ছিটানোর ঘটনা ঘটল।




