কক্সবাজার
দরজা খুলতেই অস্ত্রের মুখে জিম্মি, ঘরে ঢুকে নারীদের স্বর্ণ লুট

সংগৃহীত ছবি
সন্ধ্যায় দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেশীয় অস্ত্র হাতে কয়েকজন ব্যক্তি ঢুকে পড়ে ঘরে। অস্ত্রের মুখে প্রথমে পরিবারের কর্তা মুস্তাক আহমেদকে জিম্মি করা হয়। স্ত্রী কামরুন্নাহার চিৎকার করে প্রতিবেশীদের জানানোর চেষ্টা করলে তাকেও জিম্মি করে ডাকাতেরা। এরপর ঘরে থাকা নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে শরীরে পরা স্বর্ণালংকার খুলে নেয় তারা। বাধা দিতে গিয়ে কয়েকজন নারী আহত হন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া রাজঘাট এলাকায় মুমিনুল হকের বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
পরিবারের দাবি, ডাকাতরা প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, সন্ধ্যার দিকে ঘরের দরজায় আঘাতের শব্দ শুনে দরজা খুলতে যান মুস্তাক আহমেদ। এ সময় দেশীয় অস্ত্র হাতে কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে তাকে জিম্মি করেন। পরে তার স্ত্রী কামরুন্নাহার চিৎকার করে আশপাশের লোকজনকে বিষয়টি জানানোর চেষ্টা করলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
এরপর ডাকাতরা ঘরের অন্য নারী সদস্যদের ভয় দেখিয়ে তাদের শরীরে থাকা স্বর্ণালংকার খুলে নেয়। কামরুন্নাহার বলেন, তার কানের দুল এবং ছেলের বউদের শরীরে থাকা স্বর্ণালংকার জোর করে খুলে নেওয়ার সময় তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
পরিবারের সদস্য মুমিনুল হকের দাবি, ডাকাতেরা প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতির সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছে এমন একটি দা, একটি হাতুড়ি ও একটি লুঙ্গি পড়ে ছিল বলে জানান পরিবারের সদস্যরা।
স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পরিবারের সদস্যদের চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, পাঁচ থেকে ছয়জনের একটি দল ডাকাতির চেষ্টা করেছিল। স্থানীয় লোকজন এগিয়ে আসায় তারা পালিয়ে যায়।
তিনি জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামতও খতিয়ে দেখা হচ্ছে।




