ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের ৩ ঘণ্টার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের।
আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায়।
নিহত ব্যক্তির নাম হামদু মিয়া (৫০)। তিনি উপজেলার বাইগদা বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে লুডু খেলাকে কেন্দ্র করে হামদু মিয়ার ১১ বছরের ছেলে নীরবকে চড় মারেন প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ১২ বছরের ইয়াছিন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াছিনের মাথা ফেটে যায়।
এর জেরে আজ সকালে আবুল হোসেনের সমর্থকেরা হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।







