সাজেক পর্যটনকেন্দ্র উন্মুক্ত ঘোষণা, প্রত্যাহার অবরোধ

সংগৃহীত ছবি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার আগের ঘোষণা প্রত্যাহার করে পর্যটকদের জন্য সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিনে সাজেক সড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেকের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।
এর আগে, সাজেক সড়কে অবরোধ কর্মসূচির ঘোষণার পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। পরে বৃহস্পতিবার নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত করে দেওয়া হয়।
এদিকে, সশস্ত্র জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে ১৫ অক্টোবর থেকে পুনরায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। তবে শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেয় সংগঠন দুটি।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকের সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। একই দিনে অবরোধ প্রত্যাহারের ঘোষণায় সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছে।




