বিএনপিকে এখনই আ.লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

কুমিল্লা নগরের রামঘাট কনভেনশন হলে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় কথা বলেন এনসিপি নেতা সারজিস আলর্ম। ছবি: আগামীর সময়
বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে বিএনপির কোনো নেতা-কর্মী চাঁদাবাজি, দখলদারি বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান।
আজ শনিবার দুপুরে কুমিল্লা নগরের রামঘাট কনভেনশন হলে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
সারজিস আলম বললেন, ‘ছয় মাস না যেতেই মানুষ বিএনপিকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তুলনা করতে শুরু করেছে। তবে এনসিপি এখনই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চায় না। দুটি দলকে আমরা আলাদাভাবেই দেখছি।’
তিনি আরও বলেছেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে চাঁদাবাজ, কারও জায়গা-জমি দখল করলে দখলদার এবং গোপনে মাদক ব্যবসা চালালে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হবে। অন্যায় ও অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
এনসিপির এই নেতা বলেছেন, তাদের ওপর হামলা বা নির্যাতন হলেও তারা আপস করবেন না। অন্যায়ের সঙ্গে আপস না করার কারণেই মানুষ এনসিপিকে পছন্দ করে বলেও তিনি দাবি করেন।
পুরনো রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে সারজিস আলম বললেন, অতীতে দ্বিদলীয় রাজনীতিতে দিনের বেলা সংসদে একে অপরের বিরোধিতা করলেও রাতে ব্যবসা ও অর্থের ভাগাভাগি নিয়ে সমঝোতা হতো। এনসিপি এ ধরনের রাজনীতি করবে না।
তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করা সম্ভব হলে মানুষ আর বিএনপির কথা চিন্তা করবে না।
কর্মশালায় এনসিপির কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো. সিরাজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় যুবশক্তি কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্যসচিব আবদুর রহিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপি কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব রবিউল মনির চৌধুরী, দক্ষিণ জেলার সদস্য সচিব সৈয়দ আহসান টিটু এবং মহানগরের সদস্য সচিব মাসুমুল বারী কাওসার।








