সালথা
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া

ছবি: আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ফরিদপুরের সালথায় সতর্কতামূলক মহড়া দিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতে এ মহড়া দেওয়া হয়।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। পুলিশের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মহড়ায় অংশ নেন থানার পুলিশ সদস্যরা।
মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়।
মহড়া শেষে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কেউ নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানালেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নাশকতা প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।




