জামালপুরে আওয়ামী লীগের মিছিলের পর মামলা, গ্রেপ্তার ৩

জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলাটি করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত ২টার দিকে মামলাটি করা হয়। মামলায় ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করে ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার সকালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বকুলতলা মোড়ে সমবেত হন। এ সময় তাদের হাতে মশাল, ব্যানার, লাঠিসোঁটা, লোহার রড ও পেট্রলবোমাসহ দেশীয় অস্ত্র ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে পৌঁছান। সেখানে বাদী ও সাক্ষীরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাদের ধাওয়া করলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা কিছু দেশীয় অস্ত্র ফেলে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে।
মামলার বাদী আনোয়ার হোসেন শাহীন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করতে মামলা করেছি। আগামীকাল আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।



