মোবাইল ছেড়ে ভোরের মাঠে তরুণরা
- ফেনীতে বাড়ছে মিনি ম্যারাথনের আগ্রহ

ফেনীতে মিনি ম্যারাথনে তরুণরা। ছবি : আগামীর সময়
আগে দেরিতে ঘুম থেকে উঠতেন ফেনী শহরের তরুণ ব্যবসায়ী আশরাফুল ইসলাম। এখন ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে যান পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে। সেখানে কখনো ব্যায়াম করেন, কখনো হাঁটেন, আবার কখনো অংশ নেন মিনি ম্যারাথনে।
আশরাফুলের মতো এখন ভোরের হাঁটা ও দৌড়ে আগ্রহী হয়ে উঠেছেন ফেনী শহরের অনেক তরুণ-যুবক। গত তিন মাসে বিভিন্ন সংগঠনের আয়োজনে শহরে অনুষ্ঠিত হয়েছে পাঁচটি মিনি ম্যারাথন। এসব আয়োজনে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ।
শহরে ফেনী রান ক্লাব, ফেনী রান কমিউনিটি, ফেনী সাইক্লিস্ট ও বিজয় মঞ্চসহ বিভিন্ন সংগঠন নিয়মিত ছোট-বড় দৌড়ের আয়োজন করছে। এসব আয়োজনে অংশ নিচ্ছেন ফেনীর বাইরের দৌড়বিদরাও।
ফেনী রান কমিউনিটির সংগঠক মহিম উদ্দিন পৃথিবী জানালেন, অনেকেই এখন স্বাস্থ্যসচেতন হয়ে উঠেছেন। ভোরে মাঠে এসে হাঁটা ও দৌড়ানোর পাশাপাশি বুক নম্বর নিয়ে অংশ নিচ্ছেন মিনি ম্যারাথনে। বিষয়টি আশাব্যঞ্জক।
ক্রীড়া সংগঠক ইমন উল হক জানিয়েছেন, সম্প্রতি ফেনী রান ক্লাবের আয়োজনে মিনি ম্যারাথনে অংশ নিয়েছেন তিন শতাধিক দৌড়বিদ। এতে ফেনীর বাইরের দৌড়বিদরাও ছিলেন।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিজয় মঞ্চের সংগঠক ওসমান গনি রাসেল বলেছেন, গত ৫ আগস্ট তাদের আয়োজনে ‘বিজয়ের দৌড়’ প্রতিযোগিতায় অংশ নেয় দুই শতাধিক শিক্ষার্থী। নিয়মিত এমন আয়োজন হলে তরুণরা মোবাইল ফোন ও মাদকাসক্তি থেকে দূরে থাকার সুযোগ পাবে।
ফেনী রান কমিউনিটির সংগঠক নাসিম আনোয়ার জাকি জানিয়েছেন, তাদের সংগঠনের পক্ষ থেকে নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল জানালেন, তিনিও মিনি ম্যারাথনে অংশ নেন। এ ধরনের আয়োজনকে উৎসাহিত করতে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহযোগিতা থাকবে।









