আগে দেরিতে ঘুম থেকে উঠতেন ফেনী শহরের তরুণ ব্যবসায়ী আশরাফুল ইসলাম। এখন ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে যান পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে। সেখানে কখনো ব্যায়াম করেন, কখনো হাঁটেন, আবার কখনো অংশ নেন মিনি ম্যারাথনে।
আশরাফুলের মতো এখন ভোরের হাঁটা ও দৌড়ে আগ্রহী হয়ে উঠেছেন ফেনী শহরের অনেক তরুণ-যুবক। গত তিন মাসে বিভিন্ন সংগঠনের আয়োজনে শহরে অনুষ্ঠিত হয়েছে পাঁচটি মিনি ম্যারাথন। এসব আয়োজনে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ।
শহরে ফেনী রান ক্লাব, ফেনী রান কমিউনিটি, ফেনী সাইক্লিস্ট ও বিজয় মঞ্চসহ বিভ...