পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের জানালার কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়। হামলাকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করেছে বলে দাবি করেছেন ব্যাংকের নৈশপ্রহরী ও স্থানীয় ব্যক্তিরা।
বুধবার রাত সাড়ে ১২টা থেকে পৌনে ১টার মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় ব্যাংকের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক।
গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান বললেন, রাত ১২টা ৫০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত ব্যাংক শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় এবং ভবনের থাই গ্লাস ভাঙচুর করে। যাওয়ার সময় তারা কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভেতরে দায়িত্বে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভান।
দোগাছি শাখার ব্যবস্থাপক মো. হাসিবুল ইসলাম বললেন, কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ব্যাংকের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক বিরোধ নেই। দলমত-নির্বিশেষে সবাইকে সমানভাবে সেবা দেওয়া হয়।
হামলার সময় ব্যাংকের ভেতরে বোমা নিক্ষেপ করা হয়েছিল বলেও জানান তিনি। হাসিবুল ইসলাম জানালেন, জানালার কাচ ভাঙার পর দুর্বৃত্তরা ভেতরে একটি বোমা নিক্ষেপ করে। নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে তাকে জানান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যাংকের নথিপত্রের নিরাপত্তা প্রসঙ্গে শাখা ব্যবস্থাপক বললেন, বিভিন্ন মাধ্যমে আগুন দেওয়ার খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র ও নথিপত্র আগেই সরিয়ে রাখা হয়েছিল। এ কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
আইনি পদক্ষেপের বিষয়ে তিনি বললেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। তদন্তের পর প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বর্ণনা দিয়ে নৈশপ্রহরী আব্দুল ওহাব খান দাবি করেন, রাত সাড়ে ১২টা থেকে পৌনে ১টার মধ্যে ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিল নিয়ে ব্যাংকের সামনে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখ ঢাকা ছিল। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিল। এরপর তারা ব্যাপক ভাঙচুর শুরু করে।
আব্দুল ওহাবের ভাষ্য, হামলাকারীরা ভবনের ভেতরে তিনটি ককটেল নিক্ষেপ করে। এ ছাড়া বোতলে করে আনা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। বিস্ফোরণ ও ভাঙচুরের শব্দ শুনে তিনি বিষয়টি বুঝতে পারেন। তবে হামলাকারীদের মুখ ঢাকা থাকায় এবং পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে এগিয়ে আসতে সাহস পাননি।
নৈশপ্রহরী জানালেন, ঘটনার খবর পেয়ে রাত আনুমানিক তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আলামত সংগ্রহ করেন।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বললেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে পুলিশ আবারও সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



