কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত হয়েছেন ৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার দিবাগত রাত ৩টার একটু পরে দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে ঘটে এই দুর্ঘটনা।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন (২১), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া (৩৫) এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৫)।
পুলিশ সূত্র জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সড়কের পাশে। এ সময় ট্রাকে থাকা ১৩ জন যাত্রী চাপা পড়েন ট্রাকের নিচে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন, আহত হন আরও ৬ জন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত শুরু করে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। নিহতদের মরদেহ নেওয়া হয় দাউদকান্দি হাইওয়ে থানায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এই বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, ভোররাতের ওই দুর্ঘটনার পর যান চলাচলে বিঘ্ন ঘটে কিছু সময়। তবে বর্তমানে স্বাভাবিক রয়েছে যান চলাচল।














