ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। ছবি: সংগৃহীত
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং রাজশাহী কলেজে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। এ ভাষাসৈনিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
তার মেজো মেয়ে খাইরুন্নাহার ওরফে সুচি সাংবাদিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩১ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে বাবাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল।
খাইরুন্নাহার জানান, আজ সোমবার রাতে মরদেহ ঢাকা থেকে রাজশাহীতে নেওয়া হবে। জানাজার সময় পরে জানানো হবে। তিনি বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন মোশাররফ হোসেন আখুঞ্জি। পুলিশের বাধা উপেক্ষা করে সহযোদ্ধাদের নিয়ে তিনি রাজশাহী কলেজে শহীদ মিনার নির্মাণ করেন। এটি দেশের প্রথম শহীদ মিনার।



