রমজান আলীর হলুদ-কালো তরমুজ দেখতে ভিড় করছেন কৃষকরা

গ্রাফিকস: আগামীর সময়
অসময়ে মাচায় ফলিয়েছেন হলুদ ও কালো রঙের তরমুজ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃষি উদ্যোক্তা রমজান আলীর সাড়ে পাঁচ বিঘা জমিতে থোকায় থোকায় ঝুলছে এসব তরমুজ। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহার করে তার এই উদ্যোগে মিলেছে সাফল্য। তার ক্ষেত দেখতে ভিড় করছেন আশপাশের কৃষকরা। তার হাত ধরে এলাকায় তৈরি হচ্ছে আধুনিক ও লাভজনক কৃষির নতুন সম্ভাবনা।
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবদী গ্রামের বাসিন্দা রমজান আলী বেড়ে উঠেছেন কৃষক পরিবারে। ছোটবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহ ছিল তার। বিএসএস পাস করার পর চাকরির পেছনে না ছুটে কৃষিকাজে যুক্ত হন। ২০০৯ সালে কৃষিকাজ শুরু করলেও আধুনিক পদ্ধতিতে চাষাবাদের দিকে ঝোঁকেন পরে। ২০১৪ সালে ঢাকা বিভাগে প্রথম মালচিং পদ্ধতিতে চাষ শুরু করেন বলে দাবি তার। টমেটো ও চিচিঙ্গা চাষের মধ্য দিয়ে আধুনিক কৃষিতে তার যাত্রা শুরু।
বর্তমানে সাড়ে পাঁচ বিঘা জমিতে কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন রমজান। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে মাচায় তরমুজ চাষের পাশাপাশি পুকুরপাড়ে করলা ও লাউ উৎপাদন করছেন তিনি।
রমজান আলীর ভাষায়, নতুন কিছু করার চ্যালেঞ্জ নিতে তার ভালো লাগে। তাই গতানুগতিক চাষাবাদের পরিবর্তে উন্নত জাতের উচ্চফলনশীল বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। কৃষিকে তিনি স্বাধীন ও হালাল উপার্জনের পেশা মনে করেন। বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে মাসে গড়ে প্রায় ১ লাখ টাকা আয় করছেন।
তার মতে, প্রচলিত পদ্ধতিতে চাষ করে আশানুরূপ লাভ না পাওয়ায় অনেক কৃষক কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন। অথচ পরিকল্পিতভাবে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি অনুসরণ করলে তুলনামূলক কম বিনিয়োগে ভালো লাভ করা সম্ভব। তার চাষাবাদ দেখে নিজ গ্রামসহ আশপাশের এলাকার কৃষকরাও নতুন পদ্ধতি ব্যবহারে আগ্রহী হচ্ছেন।
সোনারগাঁ উপজেলা কৃষি বিভাগও রমজানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। কৃষি বিভাগ বলছে, তরমুজ স্বল্পমেয়াদি ও লাভজনক ফসল। প্রায় দুই মাসে ফলন পাওয়া যায়। বিঘাপ্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হলেও অনুকূল পরিবেশ ও বাজারদর থাকলে আয় লাখ টাকা ছাড়াতে পারে।
সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেকের মতে, মাচায় তরমুজ চাষ একটি উদ্ভাবনী পদ্ধতি। এর মাধ্যমে অনাবাদি ও জলাবদ্ধ এলাকার জমিও চাষের আওতায় আনা সম্ভব। সাধারণত গ্রীষ্মকালীন ফল তরমুজ আধুনিক পদ্ধতিতে অসময়ে উৎপাদন করায় স্থানীয় বাজারে এর চাহিদা ও ভালো দাম পাওয়া যাচ্ছে। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা রমজান আলীকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন— জানালেন তিনি।



