সমাজকল্যাণমন্ত্রী
পলাতক স্বৈরাচার ও নিষিদ্ধ দলের ষড়যন্ত্র জনগণ রুখে দেবে

কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ছবি : আগামীর সময়
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া, সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষকে ছুরিকাঘাতের মতো সহিংস কর্মকাণ্ডের ইতিহাস একটি নিষিদ্ধ ঘোষিত দলের রয়েছে। ১৯৭২ সাল থেকেই তারা এসব কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানুষের ওপর নির্মমভাবে গুলি চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে। প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। এ ছাড়া ১৭ বছর ধরে গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন। এসব ঘটনার প্রতি তাদের কোনো ভ্রূক্ষেপ নেই, মানুষের প্রতিও কোনো দরদ নেই।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী পক্ষের কর্মকাণ্ডের সমালোচনা করে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, তারা আবারও পুরোনো কায়দায় গায়ের জোরে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ তা রুখে দাঁড়িয়েছে।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ যেভাবে জবাব দিয়েছে, আগামীতেও দেশের মানুষ গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বিভিন্ন মামলার আসামি হয়েও যারা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে এবং দিবাস্বপ্ন দেখছে, তাদের কীভাবে প্রতিহত করতে হয়, তা দেশের মানুষ জানে।
বিএনপির রাজনৈতিক আদর্শ তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, দলটি সব সময় জনগণের পাশে থেকেছে। বিএনপি কখনো জনগণের প্রতিপক্ষ হয়ে রাজনীতি করেনি। পলাতক স্বৈরাচারিণীর মতো লাশের রাজনীতিতেও বিশ্বাস করে না দলটি। জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি সব ধরনের অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করবে।
জনসভাস্থল পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




