সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

ছবি: আগামীর সময়
সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১ জনে।
আজ মঙ্গলবার এসব তথ্য জানালেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া তিন শিশু হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার রফিক উল্লাহর ১ বছর ২ মাস বয়সী মেয়ে মুনতাহা জান্নাত ফারিহা, দোয়ারাবাজার উপজেলার সুমন দাসের ৯ মাস বয়সী ছেলে বর্ষণ এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শতলাল দাসের ১ বছর বয়সী মেয়ে প্রিয়নশী দাস।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে পাঁচজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬৪ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪০ জনে। জেলাভিত্তিক হিসাবে সুনামগঞ্জে ৯২৬ জন, সিলেটে ৪৬৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন এবং মৌলভীবাজারে ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২২১ জন। এর মধ্যে সিলেটে ১০১ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হওয়া ১৬৪ জনের মধ্যে সিলেটে ১১০ জন, হবিগঞ্জে ৪০ জন, সুনামগঞ্জে ৯ জন এবং মৌলভীবাজারে পাঁচজন রয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৫৫০ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৩ জন ভর্তি রয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। বিশেষ করে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।




