ভৈরব নদে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ যাত্রী

মঙ্গলবার রাত থেকেই তল্লাশি অভিযান চালান নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা
খুলনার ভৈরব নদে ফেরির ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রাকিব খান (২৮) নামে এক যাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল পৌনে ১১টা পর্যন্ত নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরের জেলখানা ঘাটসংলগ্ন ভৈরব নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রাকিব খান রূপসা উপজেলার সেনেরবাজার এলাকার মৃত বাকের খানের ছেলে।
স্থানীয় সূত্র ও নৌপুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে জেলখানা ঘাট থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের উদ্দেশে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে যাত্রী ও মালামাল নিয়ে একটি ফেরি জেলখানা ঘাটের দিকে আসছিল।
মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়। চলন্ত ফেরির ধাক্কায় যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। তখন আশপাশের স্থানীয় মাঝিরা দ্রুত ট্রলার নিয়ে ঘটনাস্থলে যান। তারা অন্য যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হলেও রাকিব খান নিখোঁজ হন।
খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেন।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির ওসি আবুল খায়ের বললেন, নিখোঁজ রাকিব খানকে উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে।







