টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সংগৃহীত ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর সাইকেলের পার্টস চুরির অভিযোগ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তবে আহত কেউই হাসপাতালে চিকিৎসা নিতে যায়নি বলে জানা গেছে।
আজ মঙ্গলবার বিকালে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে গিমাডাঙ্গা ও শ্রীরামকান্দি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পক্ষই লাঠি-সোঁটা ও ইট-পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নেয়।
অভিযোগ অনুযায়ী, দুই দিন আগে গিমাডাঙ্গা চরপাড়া গ্রামের রোমান শেখের মোটর সাইকেলের পার্টস চুরি করে গওহরডাঙ্গা গ্রামের তুহিন ও হাসান নামের দুইজন। আজ মঙ্গলবার ওই দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা শ্রীরামকান্দির লোকজনদের ডাকে। এ ঘটনার জেরে গওহরডাঙ্গা ও শ্রীরামকান্দির লোকজন একত্রিত হয়ে গিমাডাঙ্গা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রলে আনে। জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী ঘটনা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কোনো পক্ষই এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ করেনি।



