‘মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান’

ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন রংপুরের গঙ্গাচড়ার হাফিজুল ইসলাম (৪০)। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে বিক্রি করে দিয়েছেন আয়ের একমাত্র অবলম্বন অটোভ্যান। এখন কাজ নেই, ঘরের চালও শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে। অভাব আর অসুখের মধ্যে তিনি আর্তনাদ করে বলেন, ‘মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান।’
হাফিজুল কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনার আউলিয়ার হাট এলাকার বাসিন্দা। বাবা-মা নেই। স্ত্রী নাজমা বেগম, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তার সংসার। ছিদ্রযুক্ত টিনের চাল আর ভাঙা বেড়ার একটি ঘরেই তারা থাকেন। ভ্যান চালিয়ে আয় করে অনেক কষ্টে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। কিছুদিন আগেও সংসার মোটামুটি চলছিল।
পরিবার সূত্রে জানা গেছে, জটিল রোগগুলোর চিকিৎসা চালাতে গিয়ে একে একে সব সম্বল হারিয়েছেন হাফিজুল। শেষ সম্বল ভ্যানটিও বিক্রি করতে হয়েছে। অর্থের অভাবে ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, নিজের চিকিৎসাও থমকে আছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে পরিবারটির।
শিলাবৃষ্টিতে ঘরের টিনের চাল ফুটো হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে পলিথিনের ছাউনি দিয়ে কোনোরকমে রাত কাটাচ্ছেন তারা।
নাজমা বেগম বলেন, ‘হামার একনা থাকার ঘর, তাকো শিল পরিয়া ফুটা হয়া গেইছে। সরকারি, বেসরকারি কোনো সাহায্যই হামরা পাই নাই। বৃষ্টি আসলে ছওয়া-পোয়া নিয়া সারা রাইত বসি থাকি রাইত কাটে।’
হাফিজুল বলেন, ‘মুই এমন অভাগা যে ভ্যান কোনা দিয়া কামাই করছিনুং, সেখান ব্যাচেও চিকিৎসা করচুং। একন আর চলার উপায় নাই। কাজকাম কইরব্যার পাং না, ভ্যানো নাই। এলাকার মানুষ আর কতো সাহায্য করে। মাঝেমধ্যে উপাস থাকা নাগে।’
প্রতিবেশী জুয়েল ও শাহাজান জানান, স্থানীয়ভাবে তারা হাফিজুলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এখন তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ। তবে পুরো আউলিয়ার হাট এলাকায় এই পরিবারটিই সবচেয়ে অসহায়। তারা চান, বিত্তবানেরা এগিয়ে আসুন। এলাকাবাসীর আশা, সরকারি-বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবানেরা পাশে দাঁড়ালে হাফিজুল আবার নিজের পরিবারের দায়িত্ব নিতে পারবেন।
কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, হাফিজুল পরিষদে সাহায্যের জন্য আবেদন করলে যথাসাধ্য চেষ্টা করা হবে।
গঙ্গাচড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সমাজসেবা অফিসের মাধ্যমে সরকার পাঁচ ধরনের রোগীকে চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। হাফিজুল নিয়ম অনুযায়ী আবেদন করলে সরকারি চিকিৎসা সহায়তা পেতে সব ধরনের সহযোগিতা করা হবে। হাফিজুলের সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৩৪০৮১৮৮৮৪



