শামীম হত্যা
জামায়াত নেতা সাদিকুল ইসলাম গ্রেপ্তার

সংগৃহীত ছবি
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ‘মব সৃষ্টি করে’ ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের ধর্মীয় শিক্ষক সাদিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পারুলিয়া ইউনিয়ন পরিষদের কাছে কদবেলতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদিকুল ইসলাম (৩৪) দেবহাটা উপজেলার কুলিয়া মাঝেরপাড়া গ্রামের আব্দুল মজিদ সানার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার এসআই আহম্মদ আলী জানান, শামীম হত্যা মামলার সন্দেহভাজন আসামি সাদিকুলকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
মামলার বাদী ও নিহত শামীমের ভাই আব্দুল জলিল অভিযোগ করেন, তার ভাইকে মারধর করার পাশাপাশি অন্যদেরও মারধরে অংশ নিতে আহ্বান জানিয়েছিলেন সাদিকুল। এর প্রমাণ ভিডিও ফুটেজে রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, আদালত সূত্রে জানা গেছে, এ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি কামরুল ইসলাম, মোবারক আলী, মিজানুর রহমান, আজাহারুল ইসলাম ও মাসুদ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। জামিনের মেয়াদ শেষে তাদের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী আবুল কাশেমের মেয়ে মোসলেমা, ছেলে হোসেন আলী এবং একই এলাকার মাসুদের মুঠোফোনে ধারণ করা কথোপকথনের সূত্র ধরে ওয়াহেদুজ্জামান শামীমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে।
গত ১২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় জামায়াত কার্যালয়ের সামনে থেকে একদল লোক শামীমের বাড়িতে হামলা চালায়। পরদিন কুলিয়ার ডা. এমএ সবুরের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর হামলা হয়। পরে পারুলিয়া থেকে মিছিল নিয়ে লোকজন সখীপুর হাসপাতালে যায়। সেখানে হাসপাতালের পেছনের দরজা ভেঙে পুলিশ, আনসার সদস্য ও কর্তব্যরত চিকিৎসকের উপস্থিতিতে শামীমকে মারধর করা হয়। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৫ অক্টোবর শামীমের ভাই আব্দুল জলিল বাদী হয়ে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ফজলুল হক আমিনি, যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু, মোক্তার খান ও আসাদুল মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়।
মামলার পর ১৫ অক্টোবর রাতে মোক্তার খান, ১৬ অক্টোবর সকালে আসাদুল মোল্লা এবং ১৭ অক্টোবর ফজলুল হক আমিনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ফজলুল হক আমিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুকেও গ্রেপ্তার করা হলে তিনিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।




