নাইক্ষ্যংছড়ি
চোলাই মদের চালান ঘিরে অভিযান, বাইশারীতে আটক ৪

ছবি: আগামীর সময়
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৪ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিএইচপি মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মনজুর আহসানের নেতৃত্বে এএসআই নাজমুল হোসেন ও এএসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান।
এ সময় কক্সবাজারের রামুর গর্জনিয়া থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা পিএইচপি মোড়ে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ি থেকে ১২৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের রামু উপজেলার ২ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের রফিকের ছেলে সাইফুল ইসলাম (১৮), ঈদগাঁওয়ের ৩ নম্বর ওয়ার্ড বাজার এলাকার মৃত কালামের ছেলে নয়ন (২৫), কক্সবাজার সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়াপাড়া এলাকার জাফর আহম্মেদের ছেলে ইলিয়াস (২৭) এবং নাইক্ষ্যংছড়ির ১ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের হোসেনের ছেলে আনোয়ার কালাম (২২)।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মনজুর আহসান বলেন, মাদকবিরোধী অভিযানে ১২৪ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, খতিয়ে দেখা হচ্ছে।



