লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল

সংগৃহীত ছবি
আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।
প্রায় ৫২ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই প্রতিবেদকের হাতে এসেছে।
বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ মিছিল করা হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনানসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে এ মিছিল করে নেতাকর্মীরা।
ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী অংশ নিয়েছে মিছিলে। তাদের মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাদ্দাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইনান ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান ভেসে আসে।
এদিকে ভিডিওটি ফেসবুকে ছেড়ে প্রচার করা মিছিলটি সদর উপজেলার রায়পুর-লক্ষ্মীপুর সড়কে হয়েছে। তবে ভিডিও যাচাই ও খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলটি জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর-চাঁদপুর বর্ডার বাজার এলাকায় করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মিছিলটি সদরে কোথাও হয়নি। এটি রায়পুর বর্ডার বাজার এলাকায় হয়েছে জানতে পেরেছি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




