টেকনাফে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গুলি বিনিময়, আহত ২

ছবি: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার সাবরাং সিকদারপাড়া বাজারের দক্ষিণ মাথায় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন সিকদারপাড়া এলাকার মৌলভি আব্দুল গফুরের ছেলে হেলাল (৩২) ও সাবেক ইউপি সদস্য ছব্বির আহমদের ছেলে মোহাম্মদ হারুন (৩৩)। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিকদারপাড়া এলাকার একটি পক্ষের সঙ্গে পানছড়িপাড়া এলাকার আলী আহমদ (প্রকাশ আলোগুলা) পরিবারের সদস্যদের আগে থেকেই বিরোধ চলছিল। রবিবার দুপুরে সিকদারপাড়া বাজারের দক্ষিণ পাশে একটি দোকানের সামনে দুই পক্ষের কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আলী আহমদের স্বজনেরা সেখানে এলে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এতে হেলাল ও হারুন আহত হন।
টেকনাফ সদর হাসপাতালের চিকিৎসক সাকাওয়াত হোসেন মিটু বলেন, হেলালের কোমরে গুলির আঘাত রয়েছে। মোহাম্মদ হারুনের মাথা ও বাঁ হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।




