চিলমারী
চার বছরেও চালু হয়নি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র

ছবি: আগামীর সময়
কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন পরও চালু হয়নি ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র। চালু কিংবা ব্যবহার না হওয়ায় সেখানে স্থাপনকৃত মূল্যবান মেশিন অকেজো হওয়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রটি কবে নাগাদ চালু হবে কিংবা আদৌ চালু হবে কি না সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না।
জানা গেছে, কুড়িগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া ২০১৮ সালে কুড়িগ্রাম জেলার চারটি উপজেলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ বাজারজাতকরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় চিলমারীতে ২০২২-২৩ অর্থ বছরে একটি কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া শেষ করা হয়। পরে নির্মিত ভবনটিতে বেশ কিছু মূল্যবান উৎপাদনমুখী মেশিন বসানোর পর বগুড়া আরডিএ’র কাছে হস্তান্তর করে ঠিকাদার। জমি ক্রয়ের পর ভবন নির্মাণসহ সংশ্লিষ্ট অবকাঠামোতে ব্যয় হয় প্রায় ছয় কোটি টাকা। ভবনসহ অবকাঠামো নির্মাণ প্রক্রিয় শেষ হওয়ার পরও অজানা কারণে দীর্ঘ সময় ধরে এটি তালাবন্ধ থাকায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে গেট এবং ছোট দুটি কক্ষ খোলা রাখা হয়েছে অস্থায়ীভাবে নিয়োগকৃত দুজন পাহাড়াদারের থাকার জন্য।
আরডিএ কর্তৃপক্ষ বলছে, সমবায়ভিত্তিক সমিতি, এনজিও অথবা আগ্রহী উদ্যোক্তাকে কেন্দ্রটি লিজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একজন ছোট উদ্যোক্তার জন্য কেন্দ্রটিতে ধান ভাঙানো, গম ভাঙানো, সরিষা ভাঙানো, মসলা গুড়া, চিপস তৈরি, বেকারি আইটেম তৈরি, ফলের জুস তৈরি, দুধ থেকে দই তৈরি, মাছ সংরক্ষণ, মাংস সংরক্ষণে পলিং চেম্বারসহ কৃষিপণ্য সংরক্ষণ, বাজারজাত ও প্রক্রিয়াজাতের ব্যবস্থা রয়েছে। এখানে ছোট উদ্যোক্তাদের জন্য ছোট ছোট মেশিনগুলো ইতোমধ্যে বসানো হয়েছে। কেন্দ্রটি চালু হলে একজন উদ্যোক্তার মাধ্যমে অন্তত ২০-২৫ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন উপজেলায় নির্মিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্রগুলি লিজ দেওয়ার লক্ষে একটি জেলা উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমি রংপুর মহাপরিচালকের সভাপতিত্বে জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা প্রাণি সম্পদ অফিসার, কৃষি বিপণণের উপপরিচালক, সমবায় উপপরিচালক, বিআরডিবি উপপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার উপপরিচালকসহ ১৪ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির সিদ্ধান্তে সংবাদ পত্রে বিজ্ঞাপন দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাকে স্থাপনাসমুহ লিজ/ভাড়া দেওয়া হবে বলে জানা গেছে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। প্রকল্প সম্পর্কেও অবগত নন তিনি।
রংপুর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) জাহেদুল হক চৌধুরী বলেন, এটি ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে লিজ দেওয়া হবে। এ বিষয়ে জেলা উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নিয়েছে। অল্প সময়ের মধ্যে টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ চালু হবে সে ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।




