নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় শিশুর লাশ
- অভিযুক্তের বাড়িতে আগুন দিলেন এলাকাবাসী

গ্রাফিকস: আগামীর সময়
শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর সোয়াইফ হোসেন নামে সাড়ে তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। একপর্যায়ে অভিযুক্ত পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। নিহত সোয়াইফ উপজেলার পশ্চিম আদাসন এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান। এ ঘটনায় রাসেল শিকদার নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ৭টার দিকে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় সোয়াইফ। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। বিষয়টি থানায় জানালে শিশুটিকে উদ্ধারে তল্লাশি শুরু করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। একপর্যায়ে পাশের বাড়ির পেছনের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।



