গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, ভূজপুরে পিস্তলসহ গ্রেপ্তার ৪

ছবি: পুলিশের সৌজন্যে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযানে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়হানকে আশ্রয় দেওয়া এবং তার ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে ভূজপুর থানা এলাকার পাহাড়বেষ্টিত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি দল উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। ধারাবাহিক অভিযানের একপর্যায়ে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তল, অন্য একটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন। পাশাপাশি রায়হানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বললেন, ‘ভোর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।’



