বাগেরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যান।
আমির হামজা সাথিলের বাড়ি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে সরকারি মহিলা কলেজের পাশে। ঘটনার সময় বাড়িতে তার চাচা ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। পেট্রলবোমাগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফকিরহাট মডেল থানার ওসি রজিউল্লাহ খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ নাশকতা ঘটিয়েছে, তা শনাক্ত করতে কাজ করছে পুলিশ।



