বিস্ফোরক সংকট কাটিয়ে ৫২ দিন পর সচল মধ্যপাড়া পাথরখনি

সংগৃহীত ছবি
দীর্ঘ ৫২ দিন উৎপাদন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট পাথরখনিতে আবারও শুরু হয়েছে পাথর উত্তোলন কার্যক্রম। আজ শনিবার সকাল থেকে তিন শিফটে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হওয়ায় খনিতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
খনি সূত্র জানায়, ভূগর্ভে পাথর ভাঙার কাজে ব্যবহৃত প্রধান বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় গত প্রায় দেড় মাসেরও বেশি সময় (১৯ মে থেকে) ধরে উত্তোলন কার্যক্রম স্থগিত ছিল।
সম্প্রতি বিদেশ থেকে নতুন বিস্ফোরকের চালান দেশে পৌঁছানোর পর তা খনিতে সরবরাহ করা হয়। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আজ শনিবার সকাল থেকে উৎপাদন পুনরায় শুরু করা হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন জানান, বিস্ফোরকের ঘাটতির কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। বর্তমানে ৮৮ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে, যা দিয়ে প্রায় আড়াই মাস নিয়মিত উৎপাদন চালিয়ে নেওয়া সম্ভব হবে। এ ছাড়া মোট ৩০০ মেট্রিক টন বিস্ফোরক সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অবশিষ্ট অংশ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, বিস্ফোরক সরবরাহে অনিয়ম বা বিলম্বের কারণে অতীতেও একাধিকবার উৎপাদন ব্যাহত হয়েছে পাথর উৎপাদন। ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে প্রায় দুই মাস, ২০১৮ সালে সাত দিন, ২০২৪ সালে পাথর সংরক্ষণের স্থান সংকটের কারণে প্রায় দুই মাস এবং ২০২৫ সালে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক মাস উৎপাদন বন্ধ ছিল।
দেশের একমাত্র ভূগর্ভস্থ গ্রানাইট পাথরখনি হিসেবে পরিচিত মধ্যপাড়া খনি ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিক উৎপাদনে যায়। বর্তমানে এখানে প্রায় ৭৫০ শ্রমিক তিন শিফটে দায়িত্ব পালন করছেন।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে ছয় বছরের জন্য নবায়ন করা চুক্তির আওতায় প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। খনি কর্তৃপক্ষের আশা, বিস্ফোরক সরবরাহ স্বাভাবিক থাকলে উৎপাদনেও আর কোনো বিঘ্ন ঘটবে না।





