আগামীর সময়

সাতক্ষীরায় গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা—ধোঁয়াশা

সাতক্ষীরায় গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা—ধোঁয়াশা

ছবিঃ আগামীর সময়

সাতক্ষীরার তালা উপজেলায় তামান্না তাছনিন জ্যোতি (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জ্যোতি উপজেলার ঘোনা গ্রামের শফিকুল মোড়লের মেয়ে এবং বারুইহাটি গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আশরাফুল সরদারের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে সাড়ে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের ভাই জোবায়ের আহমেদ অভিযোগ করেন, রাত ৩টার দিকে তার ভগ্নিপতির ভাই ফোন করে জ্যোতির মৃত্যুর খবর জানান। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, জ্যোতির মরদেহ খাটের ওপর শোয়ানো অবস্থায় রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে রক্ত মুছে ফেলার চিহ্ন ছিল এবং রক্তমাখা টিস্যু রান্নাঘরের পাশে পড়ে ছিল।

তিনি অভিযোগ করেন, জ্যোতিকে হত্যা করে পরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

অন্যদিকে, স্বামী আশরাফুলের ভাই রাজ্জাক সরদার জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে আশরাফুল ও জ্যোতি তাদের বাড়িতে দাওয়াতে যান। সেখানে তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে সাড়ে ৪০০ টাকা নিখোঁজ হয় এবং পরে জ্যোতির কাছে তা পাওয়া যায় বলে দাবি করেন তিনি।

এ নিয়ে আশরাফুল জ্যোতিকে চড়-থাপ্পড় দেন। পরে বিষয়টি মীমাংসা করে তাদের নিজ বাড়িতে পাঠানো হয়।

তিনি ধারণা করেন, ওই ঘটনার জেরে ক্ষোভ থেকে জ্যোতি রাতে আত্মহত্যা করে থাকতে পারেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

    শেয়ার করুন: