মেঘনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: আগামীর সময়
কুমিল্লার মেঘনায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার।
দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খাদিজা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসকের সহকারী কমিশনার (গোপনীয়, তথ্য ও অভিযোগ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খান, মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) কানিজ ফাতেমাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারা উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও সম্মাননা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




