বগুড়া
মাদকাসক্ত ছেলেদের শাস্তি চেয়ে অভিভাবকদের আবেদন, চার যুবকের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলেদের আচরণে অতিষ্ঠ হয়ে তাদের অভিভাবকরা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে চার যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার কুসুম্বি ইউনিয়নের পোশী গ্রামের জাহাঙ্গীর আলম (২৬), উত্তর আমইন গ্রামের সোহান (১৯), সোহাগীপাড়া গ্রামের মিল্টন হোসেন (৩০) এবং গাড়িদহ ইউনিয়নের সোনারপাড়া গ্রামের রনি সরকার (৩৭)।
গতকাল বুধবার দুপুরে নিজ নিজ বাড়িতে মাদক গ্রহণের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই চার যুবকের মাদকাসক্তি ও আচরণ নিয়ে তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত আবেদন করেন। পরে মাদক গ্রহণের সময় তাদের আটক করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানিয়েছেন, চার যুবককে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।




