নাইক্ষ্যংছড়ি
ইয়াবার গোপন ভাণ্ডারে পুলিশের হানা, বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

ছবি: আগামীর সময়
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বুবু মার্মা (৩৫) নামে এক নারী পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকায় অভিযানটি চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুমখোলা এলাকার বাসিন্দা বুবু মার্মার বাড়িতে অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশের একটি দল। এ সময় ঘরের ভেতরে থাকা একটি ছোট গোপন কক্ষ থেকে তিন কাট বা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই স্থান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিও জব্দ করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাসিন্দা বুবু মার্মা পালিয়ে যান। তার বয়স ৩৫ বছর। তিনি মৃত প্রু অং মার্মা ও খ্যাইংচিং মার্মার মেয়ে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পলাতক নারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ইয়াবার এত বড় চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।



