মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল হনুমানের

যশোরের কেশবপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পাঁচ বছর বয়সী একটি মায়া হনুমানের মৃত্যু হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাহাপাড়া এলাকার সড়কে একদল হনুমান ঘোরাফেরা করছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় একটি হনুমান গুরুতর আহত হয়। খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হনুমানটিকে উদ্ধার করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, কেশবপুরের হনুমানদের জন্য সরকারি খাদ্য বরাদ্দ থাকলেও পর্যাপ্ত খাবার সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, খাবারের অভাবে হনুমানগুলো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কখনো বসতবাড়ি ও দোকানপাটে, আবার কখনো খাবারের সন্ধানে সড়কে নেমে আসছে। এতে মানুষের সঙ্গে হনুমানের সংঘাতের পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, হনুমানদের খাবারের জন্য বরাদ্দ করা অর্থের পরিমাণ, খাদ্য সরবরাহের নিয়ম এবং বাস্তবে কী পরিমাণ খাবার দেওয়া হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা প্রয়োজন। বরাদ্দ ও খাদ্য সরবরাহের বিষয়টি খতিয়ে দেখারও দাবি জানান তারা। একই সঙ্গে হনুমানগুলোর নিয়মিত খাবার সরবরাহ ও নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
কেশবপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস জানান, সম্প্রতি উপজেলায় হনুমানের সংখ্যা বেড়েছে।
তার ধারণা, বর্তমানে কেশবপুরে চার শতাধিক হনুমান রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে গণনা করা হলে প্রকৃত সংখ্যা জানা যাবে।



