সোনারগাঁয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মোস্তফা এগ্রো হাঁসের ফার্ম থেকে শতাধিক বিভিন্ন প্রজাতির হাঁস চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে।
আজ শনিবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় আজ সকালে ফার্মে গিয়ে হাঁসের সংখ্যা কম দেখতে পান খামারের লোকজন। পরে আশপাশে খোঁজ নিয়ে জানা যায়, ফার্ম থেকে রাতের কোনো একসময় শতাধিক হাঁস চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।
আল মোস্তফা এগ্রো হাঁসের ফার্মের ম্যানেজার ইমরান হোসেন জানান, দীর্ঘদিন ধরে এ ফার্মে বিভিন্ন প্রজাতির রাজ হাঁস, চিনা হাঁস ও দেশীয় হাঁস পালন করে আসছিলেন। হঠাৎ করে এতগুলো হাঁস চুরি হয়ে যাওয়ায় তিনি ক্ষতির মুখে পড়েছেন।
তার অভিযোগ, রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরের দল ফার্মে ঢুকে হাঁসগুলো নিয়ে যায়। তবে এ বিষয়ে তিনি থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।
চুরি যাওয়া হাঁস উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, হাঁস চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



