ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলকর্মীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায় সুরুজ্জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত সুরুজ্জামান ওই এলাকার বাসিন্দা আলহাজ আবু বকর সিদ্দিকের ছেলে। তার বড় ভাই নোমান কাউছার একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করেছে।
এদিকে, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আমীন খসরু এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।



