বারহাট্টায় মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনার বারহাট্টায় একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা কবির আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের বোয়ালজানা গ্রামের আতহারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষার্থী নেত্রকোনার আটপাড়া উপজেলার একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে। বাড়িতে বেড়াতে এসে সে বোরকা পরে বোয়ালজানা মাদ্রাসায় প্রবেশ করে বলে জানা গেছে। এ সময় মাদ্রাসার পুকুরপাড়ে থাকা কয়েকজন যুবকের সন্দেহ হলে তারা শ্রেণিকক্ষের দিকে যান। তাদের দাবি, পরে দুজনকে দুই দিক দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পুলিশের নথিতে বলা হয়েছে, পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে দুটি কনডম পড়ে থাকতে দেখেন বলে জানানো হয়। খবর পেয়ে বারহাট্টা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাদ্রাসার সভাপতি সাইদুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। তার দাবি, শিক্ষার্থীটি নিজ ইচ্ছায় মাদ্রাসায় এসে এ ঘটনায় জড়িয়েছে। মুহতামিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরদিন বৈঠক করে তাঁকে মাদ্রাসা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একই সঙ্গে তিনি বলেন, অপরাধের শাস্তি আইন অনুযায়ী হওয়া উচিত।
সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু বলেন, ‘এটা নিঃসন্দেহে ঘৃণিত কাজ। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক।’
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকাবাসীর বক্তব্য শুনেছে। তবে এখনো ভুক্তভোগীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর পরিবারের পক্ষ থেকেও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান ওসি চম্পক দাম।





