গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন

সংগৃহীত ছবি
গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এসব আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।
আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জেলার বর্তমান পরিস্থিতি এবং আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। মোতায়েনকৃত এই সুশৃঙ্খল ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবেন।
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।
হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ
১৬ নভেম্বর ২০২৬
এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই বিশেষ মোতায়েন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।
এর আগে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘট কেন্দ্র করে গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর ভাঙচুর, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের মতো সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। গত বুধবার সদর থানার এসআই জালাল উদ্দিন বাদী হয়ে ১৫৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলাটি করেন। পরদিন বৃহস্পতিবার থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরপর গত শুক্রবার পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। অইদিন বিকালে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী জানান, মামলায় ২২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়েছে।
এর পরদিন গত শনিবার রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বিএনপি কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদলের একটি ব্যক্তিগত অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
গতকাল রবিবার দুপুরে গোপালগঞ্জ জেলা শহরে পুলিশের ব্যারিকেড ভেঙে লগি-বৈঠা হাতে মিছিল ও মহড়া করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা একটি সুপারশপ ভাঙচুর ও কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালানোর পাশাপাশি গোপালগঞ্জ সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নাম পরিবর্তন করে আগের নামের ব্যানার সাঁটিয়ে দেয়। ঘটনার পর পুরো শহরে পুলিশ ও বিজিবিসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হলে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, রবিবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ মামলার বাদী মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় মিছিল বের করে বিএনপির বিভিন্ন নেতার বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। পাকুরতিয়া বাজার, পাটগাতী বাজার, শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়সহ বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখসহ বেশ কয়েকজনের বাসভবন ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, টুঙ্গিপাড়ার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়ার রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানীর মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে প্রায় দুই বছর পর আজ সোমবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে প্রথমে দলীয় কার্যালয় খোলে এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের তিনটি ফটক খুলে সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ নেয়। টানা দুই দিনের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।








