ট্রলার নেই, নিরাপত্তা সরঞ্জামও নেই, ড্রামে ভেসেই সাগরে মাছ ধরেন নাসির

ড্রামে ভেসেই প্রতিদিন সাগরে মাছ ধরেন নাসির
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে নৌকা কিংবা ট্রলার ছাড়াই মাছ ধরতে সাগরে নামেন নাসির হাওলাদার। কয়েকটি ড্রাম ও ফ্লোট (বয়া) একসঙ্গে বেঁধে তৈরি করেছেন নিজের ভাসমান বাহন। সঙ্গে থাকে মাছ ধরার জাল ও ছোট একটি লাইট। সেই বাহনে ভর করে সাগরের ঢেউ পেরিয়ে দুই থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে জাল পাতেন। কখনো মাছ নিয়ে ফেরেন, কখনো ফিরতে হয় খালি হাতে। এভাবেই জীবনের প্রায় ২০ বছর পার করেছেন।
৪৩ বছর বয়সী নাসির কুয়াকাটা পৌর এলাকার নবীনপুর গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই নদী ও সাগরের পরিবেশে বেড়ে ওঠা তার। ২৩ বছর বয়সে জীবিকার তাগিদে মাছ ধরার পেশায় যুক্ত হন। এরপর থেকে সাগরই তার আয়ের প্রধান উৎস। ড্রাম-ফ্লোটে ভেসে মাছ ধরে চলে তার পাঁচ সদস্যের সংসার।
একসময় নিজের একটি মাছ ধরার ট্রলারও ছিল নাসিরের। কিন্তু ব্যবসায় লোকসানের কারণে প্রায় পাঁচ লাখ টাকা ঋণের বোঝা চাপে তার কাঁধে। ঋণ পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত ট্রলারটি বিক্রি করে দিতে হয়। এরপর আবারও ড্রাম-ফ্লোটে ভর করে মাছ ধরার পুরোনো পেশায় ফিরে আসেন তিনি।
নাসিরের মাছ ধরার কৌশলও বেশ আলাদা। সৈকত থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে পাঁচটি জাল পাতেন তিনি। ভাটার সময় সাগরে নেমে জাল থেকে মাছ সংগ্রহ করেন। কোনো দিন পাঁচ থেকে ১৫ কেজি মাছ পাওয়া যায়, আবার কোনো দিন একটি মাছও ধরা পড়ে না। তার জালে ইলিশ, কোরাল, টেংরা, পোয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া ধরা পড়ে।
তবে দীর্ঘদিনের অভিজ্ঞতাও সাগরের বিপদ থেকে তাকে নিরাপদ রাখতে পারেনি। রাতের অন্ধকারে মাছ ধরতে সঙ্গে থাকে ছোট একটি লাইট। প্রবল স্রোতে কখনো তীর থেকে আধা কিলোমিটার থেকে এক কিলোমিটার দূরে ভেসে যান। নিজের চোখের সামনে মাছ ধরার নৌকা ডুবতে এবং জেলেদের সাগরে হারিয়ে যেতেও দেখেছেন। আবহাওয়া খারাপ হলে স্রোতের টানে ভেসে যায় পেতে রাখা জাল। একটি নতুন জাল কিনতে প্রায় ২০ হাজার টাকা লাগে। আর্থিক সংকটের কারণে সেই ক্ষতি সামাল দেওয়াও তার জন্য কঠিন হয়ে পড়ে।
সাগরের তীর থেকে
২৪ নভেম্বর ২০২৬
তার এই জীবনসংগ্রামের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম নিরাপত্তা। স্বামী রাতে একা সাগরে মাছ ধরতে গেলে উৎকণ্ঠায় কাটে স্ত্রী রাবেয়া বেগমের সময়। তিনি বলেন, ‘রাতে ছোট্ট একটি লাইট নিয়ে একা সাগরে মাছ ধরতে গেলে আমার চোখে ঘুম আসে না। উত্তাল ঢেউ আর অন্ধকার সাগরের কথা ভেবে সারারাত দুশ্চিন্তায় থাকি। যতক্ষণ না নিরাপদে বাড়ি ফিরে আসে, ততক্ষণ অপেক্ষা করি। প্রতিটি রাতেই ভয় হয়, সে সুস্থভাবে ফিরবে তো?’
শুধু নাসির নন, কুয়াকাটায় তার মতো আরও তিনজন ড্রাম-ফ্লোটে ভেসে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। তারা হলেন, সগীর মোল্লা, মানুন ও রাসেল। পর্যাপ্ত নিরাপত্তাসরঞ্জাম ছাড়াই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরতে যান তারা।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সুস্থ সাগর প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, জীবিকার তাগিদে তাদের এই সংগ্রাম প্রশংসনীয় হলেও নিরাপত্তার বিষয়টি উদ্বেগজনক। যেকোনো সময় ঢেউ, স্রোত কিংবা আবহাওয়ার পরিবর্তনে দুর্ঘটনা ঘটতে পারে। তাদের জন্য লাইফ জ্যাকেট, প্রয়োজনীয় নিরাপত্তাসরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ড্রাম-ফ্লোট নিয়ে সাগরে মাছ ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি লাইফ জ্যাকেট ও জরুরি উদ্ধারব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, ড্রাম-ফ্লোটে মাছ ধরা ব্যক্তিদের ঠিকানা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। মৎস্য বিভাগের পক্ষ থেকে তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। পাশাপাশি উপজেলা প্রশাসন ও এনজিওর মাধ্যমে আর্থিক সহযোগিতার বিষয়টিও বিবেচনা করা হবে।




