লাকসামে ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল ব্যাহত

ছবি: আগামীর সময়
কুমিল্লার লাকসামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আজগরা ইউনিয়নের নাওটি রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন ট্রেনটির কয়েক শত যাত্রী।
দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া তিনটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কর্ণফুলী কমিউটার ট্রেনটি নাওটি রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার সময় ওই এলাকায় রেললাইন মেরামতের কাজ চলছিল। ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে পূর্বের নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন ছেড়ে আসে। নাওটি স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি না থাকায় সেটি স্টেশন অতিক্রম করে ডাউন লাইনের আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া বলেছেন, দুর্ঘটনায় রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার কার্যক্রম শেষে রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।




